আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে বহনকারী বিমানটি গতকাল ভোরে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছায়। বর্তমানে তিনি প্যারিসে তার জন্য নির্ধারিত এ্যাপার্টমেন্টে অবস্থান করছেন।
লেবানিজ এক দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস সফরে সাদের সাথে শুধু তার স্ত্রী ছিলেন এবং তার ছোট দুই সন্তানকে পরীক্ষার বাহানায় সৌদি আরবে রেখে দেওয়া হয়েছে।
দৈনিক আল-আখবারের ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছে, হারিরি গত সপ্তাহে রোববার টেলিভিশনে সাক্ষাৎকার প্রদানের সময় এ শব্দগুলোর পূনরাবৃত্তি করেছেন যে, ‘আমার পরিবার রয়েছে’। তিনি যে বিষয়ে হুমকির সম্মুখীন, এ শব্দগুলোর মাধ্যমে তা স্পষ্ট করতে চেয়েছেন।
গতকাল ভোরে যখন হারিরি প্যারিস পৌঁছান তখন তার সাথে তার স্ত্রী লারা আল-আজম ছিলেন, তার ছোট ছেলে আব্দুল আজিজ এবং ছোট মেয়ে লুলুওয়াহ তখন তাদের সাথে ছিলেন না। বড় ছেলে হুসসাম লন্ডন থেকে তার সাথে দেখা করতে পরিবারের অপর সদস্যদের সাথে গতকালই ফ্রান্সে পৌঁছেছেন।
আল-আখবার আরও লিখেছে: হারিরির দুই সন্তানের সৌদি আরব রয়ে যাওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি তার মুক্তি নিশ্চিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। ফরাসী এক মধ্যস্থতাকারী এ বিষয়ে লেবানিজ প্রেসিডেন্ট মিশেল অওনকে অবহিত করলে তিনি রাগান্বিত হন। এ কারণে বিগত দুই সপ্তাহে বিভিন্ন ঘটনার পর লেবানিজ প্রেসিডেন্ট, তার দেশের প্রধানমন্ত্রীর মুক্তি নিশ্চিত করার জন্য ঘোষণা দিয়েছেন যে, সাদ হারিরির প্যারিস সফরে তার পরিবারের সকল সদস্যকে তার সাথে থাকতে হবে এবং তাদেরকে লেবাননে ফিরে আসতে হবে।#